পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের যুবসমাজকে মাদক ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ফুটবল ও খেলাধুলার প্রতি উৎসাহিত করে চলেছেন তরুণ সংগঠক আরিফ।
৫ আগস্টের পরবর্তী সময়ে এলাকায় তরুণদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল বলে স্থানীয়দের ভাষ্য। এমন পরিস্থিতিতে আরিফ এলাকার যুবকদের একত্রিত করে খেলাধুলার দিকে মনোযোগী করার উদ্যোগ নেন।
দিনের পর দিন নিজের ব্যবসার ব্যস্ততার মধ্যেও তিনি কমপ্লেক্সের পাশের মাঠে সময় দেন এবং তরুণদের সঙ্গে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে যুক্ত রাখেন। তার উদ্যোগে অনেক তরুণ অবসর সময় খেলাধুলায় কাটানোর সুযোগ পাচ্ছেন।
স্থানীয়রা জানান, যুবসমাজকে নেশা থেকে দূরে রাখতে মাঠমুখী করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরিফ নিজের সময় ও শ্রম দিয়ে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখার যে চেষ্টা করছেন, তা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয়দের মতে, মাদকমুক্ত ও সুস্থ যুবসমাজ গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সমাজের তরুণদেরও এগিয়ে আসতে হবে। আরিফের মতো উদ্যোগী ব্যক্তিদের মাধ্যমে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ানো গেলে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।
মো. সিফাতুল্লাহ ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ 



















