রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ বাজারের তৈয়বুর রহমান (৩৬) ও সরঞ্জাই ইউনিয়নের মণ্ডলপাড়ার মো. মিজানুর রহমান (৪৭)। তাদের মধ্যে তৈয়বুর রহমানকে ২০ হাজার টাকা এবং মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
তানোর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল বলেন, সার বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্সসহ সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে। লাইসেন্স ছাড়া সার বিক্রি বা কৃষকদের হয়রানির অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক জানান, কৃষকদের স্বার্থে সার বিক্রিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত দামে সার পান তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি রয়েছে।
স্থানীয় কৃষকরা বলছেন, আমন মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া জরুরি। লাইসেন্সবিহীন বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান হলে কৃষকরা হয়রানি থেকে রক্ষা পাবেন।
চলতি আমন মৌসুমে রাজশাহীর বিভিন্ন এলাকায় এমওপি সারের সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে তানোরে প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার কৃষকরা
রাজু আহমেদ স্টাফ রিপোর্টার রাজশাহী 



















