মাদক, ট্রাফিক ব্যবস্থা, অনলাইন জুয়া ও পুলিশের সেবার দুর্বলতা নিয়ে জনসাধারণের নানা অভিযোগ।
রাজশাহীর তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) তানোর থানা চত্বরে তানোর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং পুলিশের কর্মকর্তারা অংশ নেন। এতে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় সাধারণ জনগণের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রণ, যানবাহনের ট্রাফিক ব্যবস্থা, অনলাইন জুয়া, কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া, সাইবার অপরাধ এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরা হয়।
বিশেষ করে তানোরের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আরও কার্যকর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা।
এছাড়া অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়েও সভায় আলোচনা হয়। মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণদের একটি অংশ জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন উপস্থিত কয়েকজন। এর ফলে তরুণ সমাজের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
সভায় তানোরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যানজট, যত্রতত্র গাড়ি পার্কিং এবং ট্রাফিক আইন না মানার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় থানার প্রশাসনের বিভিন্ন দুর্বলতা ও জনসাধারণের প্রত্যাশিত সেবা না পাওয়ার অভিযোগও আলোচনায় উঠে আসে।
পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। জনগণের অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করলেই মাদক, জুয়া, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো. আশিক সাঈদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজমুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল সমস্যার কথা শুনে সমাধানের জন্য প্রতিসূতি দেন এবং বলেন জনগণের সেবার জন্য আমরা পুলিশ বদ্ধপরিকর।
তানোর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কমিউনিটি পুলিশিং সভায় স্থানীয় বাসিন্দারা নিজেদের সমস্যা সরাসরি পুলিশ কর্মকর্তাদের কাছে তুলে ধরার সুযোগ পান। আলোচনায় উঠে আসা সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা করেন উপস্থিত সাধারণ মানুষ।
রাজু আহমেদ স্টাফ রিপোর্টার রাজশাহী 



















