গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য বিরোধী আন্দোলনের সংবাদ প্রচারের জের ধরে ক্যাম্পাসের দুজন সাংবাদিককে পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার এ ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ‘ডুয়েট সাংবাদিক সমিতি’। হয়রানির শিকার ব্যক্তিরা হলেন-‘পাবলিকিয়ান টুডে’র ডুয়েট প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি মাহতাব হোসেন এবং ‘দ্য ডেইলি ক্যাম্পাস’র ডুয়েট প্রতিনিধি ও সমিতির দপ্তর সম্পাদক আসিফ ইকবাল।
এক যৌথ বিবৃতিতে সমিতির সদস্যরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মাহতাব হোসেন ও আসিফ ইকবাল ক্যাম্পাসের অত্যন্ত দায়িত্বশীল এবং পেশাদার সাংবাদিক। ডুয়েটের ভিসি বিরোধী আন্দোলনের প্রতিটি খবর দেশবাসীর সামনে বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরতে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাংবাদিকতার মৌলিক দায়িত্ব পালনের জন্য তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, “আমরা লক্ষ্য করেছি, আন্দোলন পরবর্তী সময়ে পুলিশের দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে আমাদের সংগঠনের সভাপতি ও দপ্তর সম্পাদককে পুলিশ ফোনে কল করেছে এবং দপ্তর সম্পাদকের বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের নামে হয়রানি করছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ। এ ধরনের কর্মকাণ্ড শুধু ডুয়েট ক্যাম্পাসের সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে না, বরং তা সামগ্রিকভাবে দেশের গণমাধ্যম কর্মীদের কর্মপরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।”
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদ প্রচারের দায়ে সাংবাদিকদের হয়রানি করা গণতান্ত্রিক ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এই ধরনের অহেতুক হয়রানি ও মামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডুয়েট প্রশাসন ও সরকারের উচ্চপর্যায়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ডুয়েট সাংবাদিক সমিতির সদস্যরা।
ডুয়েটে ভিসি বিরোধী আন্দোলনের সংবাদ প্রচার করায় দুই সাংবাদিককে পুলিশি হয়রানি
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 56
জনপ্রিয় সংবাদ




















