ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীর তীব্র ভাঙন থেকে জনপদ ও কৃষিজমি রক্ষায় জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ স্থাপন কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়নাধীন এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, রামদেবপুর এলাকায় টাঙ্গন নদীর প্রায় ১৮০ মিটার ভাঙনপ্রবণ অংশে প্রায় সাড়ে ৭ হাজার বালুভর্তি জিও ব্যাগ স্থাপন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭ লাখ ৫০ হাজার টাকা।
তিনি আরও বলেন, কাজটি সম্পন্ন হলে নদীভাঙনের ঝুঁকিতে থাকা প্রায় দুই শতাধিক পরিবার, বসতভিটা ও ফসলি জমি সুরক্ষা পাবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা নদীভাঙন রোধে জরুরি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণেরও দাবি জানান।
টাঙ্গন নদীর ভাঙন রোধে জরুরি জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন, রক্ষা পাবে দুই শতাধিক পরিবার
-
মাহফুজুল হক হিরা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: - আপডেট সময় : ০২:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- 31
জনপ্রিয় সংবাদ




















