যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে অবস্থিত একতা মেডিকেল সার্ভিস মানবিক চিকিৎসাসেবার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে একটি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর সুস্থ মা ও নবজাতক বাড়ি ফিরেছেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত ২ জুলাই খোশালনগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শিরিনা বেগমের সিজারিয়ান অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. সারিয়া খানম ও ডা. শামসুজ জোহা-র নেতৃত্বাধীন মেডিকেল টিম। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা শেষে ৫ জুলাই সুস্থ অবস্থায় মা ও নবজাতককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
ছাড়পত্র প্রদান উপলক্ষে একতা মেডিকেল সার্ভিসের পক্ষ থেকে রোগীর পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মো. আরিফ বিল্লাহ। এ সময় তিনি রোগীর পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই একতা মেডিকেল সার্ভিস অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে বিনামূল্যে অপারেশন, চিকিৎসা ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। ইতোমধ্যে বহু অসচ্ছল রোগী এ ধরনের মানবিক সেবার সুফল পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঁকড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মিজানুর রহমান, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার মনিরুল ইসলাম (মনির), বিশিষ্ট সমাজসেবক মোজহারুল ইসলাম, মানবতার ফেরিওয়ালা খেত শাহাবুদ্দিন, রায়পটন গ্রামের সাবেক ইউপি সদস্য আতর আলী, প্রেসক্লাব বাঁকড়ার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, চা ব্যবসায়ী আমিনুর রহমানসহ একতা মেডিকেল সার্ভিসের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
জানা যায়, ২০২০ সালে মো. ইবাদুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত একতা মেডিকেল সার্ভিস, বাঁকড়া বাজার শুরু থেকেই সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাত্র ৫০ টাকায় এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। যাত্রার শুরুতে মাত্র ১০০ টাকায় এমবিবিএস চিকিৎসক দেখানোর মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি।
বাঁকড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মিজানুর রহমান বলেন, “একতা মেডিকেল সার্ভিস অতীতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”
মাস্টার মনিরুল ইসলাম (মনির) বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের মানবিক চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
একতা মেডিকেল সার্ভিসের কর্তৃপক্ষ মো. আরিফ বিল্লাহ বলেন, “মানুষের সেবাই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা, অপারেশন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করব। সমাজের বিত্তবান ও সেবাপ্রাণ মানুষ এগিয়ে এলে আরও অনেক অসচ্ছল পরিবার উপকৃত হবে।”
স্থানীয়দের মতে, বাঁকড়া বাজারের একতা মেডিকেল সার্ভিস স্বল্প খরচে ও মানবিক চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে এলাকাবাসীর আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিনামূল্যে সিজারিয়ান অপারেশনের মতো উদ্যোগ প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধেরই প্রতিফলন।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















