যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নকে ছানিমুক্ত করার লক্ষ্যে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় পানিসারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), শিশু নিলয় ফাউন্ডেশন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, যশোর আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, ইন্সপেক্টর শিউলি খাতুন, অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হুসাইন, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) রোজিনা আক্তার, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. রবিউল হক, অরবিস ইন্টারন্যাশনালের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. আলমগীর হোসেন এবং শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. মোয়াজ্জেম হোসেন।
সভায় বক্তারা বলেন, ছানি বাংলাদেশের প্রতিরোধযোগ্য অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। সময়মতো রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং অস্ত্রোপচারের মাধ্যমে ছানিজনিত অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নভিত্তিক জরিপ পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি, রোগী শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ছানিমুক্ত ইউনিয়ন গঠনের এ উদ্যোগ সফল হলে সাধারণ মানুষ সহজেই মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পাবে এবং অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সকল ওয়ার্ড সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ছানিমুক্ত পানিসারা ইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন ও মতবিনিময় করা হয়।
ঝিকরগাছার পানিসারা ইউনিয়নকে ছানিমুক্ত করতে পরিকল্পনা সভা
-
আবু রাসেল,স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ - আপডেট সময় : ০৮:০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















