দিনাজপুরের বিরামপুর পৌরশহরের বেলডাঙা এলাকায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় যুবক সলিভিও মানকিং।
উদ্ধার হওয়া দুই শিশু হলো লেমিও কিন্তু, পিতা গ্যাব্রিয়েল কিন্তু এবং লেভিও কিন্তু, পিতা রিস্কেল কিন্তু।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলতে গিয়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে দুই শিশু পানিতে নেমে যায়। পুকুরের নিচে নরম কাদায় আটকে তারা ডুবে যায় এবং একপর্যায়ে আর ভেসে উঠতে পারে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত রেমিল বাস্কের আকুতি ও চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ঠিক তখনই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি জানতে পেরে সলিডিও মানকিং কোনো দ্বিধা না করে পুকুরে ঝাঁপ দেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠান।
বর্তমানে দুই শিশুই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, সলিভিও মানকিং সময়মতো সাহসিকতার পরিচয় না দিলে হয়তো দুটি নিষ্পাপ প্রাণ আর বাঁচানো সম্ভব হতো না। তাঁর এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
মানবিকতা, সাহস ও দায়িত্ববোধের এমন উদাহরণ সমাজে ছড়িয়ে পড়ুক-এটাই সবার প্রত্যাশা। বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং জীবন বাঁচাতে এগিয়ে আসা একজন প্রকৃত মানুষের পরিচয়। সলিভিও মানকিংয়ের এই সাহসী ভূমিকা নিঃসন্দেহে অন্যদেরও মানবিক কাজে অনুপ্রাণিত করবে।
মোঃ মোকাদ্দেছ বাবু, দিনাজপুর (বিরামপুর) প্রতিনিধি। 



















