আসন্ন কাকিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও দ্বীনি ব্যক্তিত্ব মাওলানা শরিফুল ইসলাম।
তিনি বর্তমানে কাকিনাহাট মোস্তাফাবিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা, নৈতিকতা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে দীর্ঘদিনের নিষ্ঠাবান ভূমিকার কারণে তিনি কাকিনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর মাওলানা শরিফুল ইসলাম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কাকিনা ইউনিয়নকে একটি সুশাসন, স্বচ্ছতা, ন্যায়বিচার ও উন্নয়নের আদর্শ ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, যুবসমাজের কর্মসংস্থান এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তাই তিনি কাকিনা ইউনিয়নের সর্বস্তরের ভোটার, শুভাকাঙ্ক্ষী ও সচেতন নাগরিকদের কাছে দোয়া, আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে তাঁর মনোনয়নের খবরে কাকিনা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর সততা, দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও জনসেবার মানসিকতা ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আব্দুল মালেক । কালীগঞ্জ প্রতিনিধি লালমনিরহাট 



















