যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক ও ফুটবলার মোঃ আতিক হাসান (২৬)-কে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোঃ আতিক হাসান, পিতা- মোঃ হযরত আলী, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারন ইউনিয়নের বাদে নাভারন গ্রামে। জমি-সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে একই এলাকার এক ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ তীব্র উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জেলা ফুটবল দলের অধিনায়ক আতিক হাসানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনের পর যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিনিধিরা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), যশোর, মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ঘটনার বিস্তারিত তুলে ধরলে অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে আতিক হাসানকে প্রাণনাশের হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















