সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজন করল ব্যতিক্রমী এক ‘ওপেন হাউজ ডে’। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত সিএমপির দামপাড়াস্থ সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত এই আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যা, অভিযোগ ও গঠনমূলক নানা প্রস্তাবনা সরাসরি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। সেবাপ্রত্যাশীদের প্রতিটি বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী।
গণশুনানিতে উপস্থিত বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী তাদের সমস্যার কথা জানালে অতিরিক্ত পুলিশ কমিশনার সংশ্লিষ্ট থানার ওআই ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে আইনি সমাধান পেয়ে অনেকে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যদিকে, উপস্থিত নাগরিকেরা মহানগরে অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু ইতিবাচক প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশের এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ।
জনগণের মুখোমুখি বসার এই বিশেষ আয়োজনে সিএমপির শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন:
জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত পুলিশ কমিশনার – ট্রাফিক)
জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (উপ-পুলিশ কমিশনার – ট্রাফিক-উত্তর; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)
জনাব নিষ্কৃতি চাকমা (উপ-পুলিশ কমিশনার – ট্রাফিক-পশ্চিম)
জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি (উপ-পুলিশ কমিশনার – ট্রাফিক-দক্ষিণ)
জনাব মোঃ রইছ উদ্দিন (উপ-পুলিশ কমিশনার – ক্রাইম এন্ড অপারেশনস্)
জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস (উপ-পুলিশ কমিশনার – সিএসবি)
জনাব মোঃ আমিরুল ইসলাম (উপ-পুলিশ কমিশনার – বন্দর)
জনাব মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসি (ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার – কাউন্টার টেরোরিজম)
এছাড়াও সিএমপির বিভিন্ন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত থেকে সাধারণ মানুষের মতামত ও অভিযোগগুলো নোট করেন।
সিএমপি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে একটি নিরাপদ ও সুন্দর নগরী গড়ে তুলতেই নিয়মিত বিরতিতে এই ‘ওপেন হাউজ ডে’র আয়োজন করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পারভেজ বাঙালী। চট্টগ্রাম জেলা প্রতিনিধি 



















