জনগণের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারেল্লা উত্তর ইউনিয়ন সভাপতি মোঃ মজিবুর রহমান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ভারেল্লা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে নিজের কর্মপরিধি বিস্তৃত করেছেন মোঃ মজিবুর রহমান। তিনি রোটারি ক্লাব অব কুমিল্লা সানরাইজের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা ব্রেড প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন, কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়িক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। তিনি ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার পরিচিতি রয়েছে।
জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য
মোঃ মজিবুর রহমানের রাজনীতির মূল লক্ষ্য হিসেবে উঠে আসে সাধারণ মানুষের পাশে থাকা ও এলাকার উন্নয়ন। তার মতে, রাজনীতি শুধু নেতৃত্বের জন্য নয়; মানুষের সমস্যা শোনা, তাদের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
চেয়ারম্যান নির্বাচিত হলে ভারেল্লা উত্তর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বিশেষ করে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক ও বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্ব দিতে চান তিনি।
উন্নত ও জনবান্ধব ইউনিয়নের প্রত্যাশা
ভারেল্লা উত্তর ইউনিয়নের সম্ভাবনা ও সমস্যাগুলোকে কাছ থেকে দেখেছেন দাবি করে মোঃ মজিবুর রহমান বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও মানুষের অংশগ্রহণ। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তার প্রত্যাশা, জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেলে তিনি একটি পরিকল্পিত, আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ভারেল্লা উত্তর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।
মাঠে গণসংযোগ, মানুষের সঙ্গে মতবিনিময়
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারেল্লা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন মোঃ মজিবুর রহমান। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার পাশাপাশি এলাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও মতবিনিময় করছেন তিনি।
তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততাকে সামনে রেখে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
মোঃ মজিবুর রহমানের প্রত্যাশা—দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, নিরাপদ, উন্নত ও মানবিক ভারেল্লা উত্তর ইউনিয়ন গড়ে তোলা।
তার ভাষায়, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
শাফায়েত হোসেন সুজন,বুড়িচং প্রতিনিধিঃ 



















