সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করতে এবং উপস্থিতি বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহন করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি/এডিপি) বরাদ্দকৃত অর্থ দিয়ে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরন করে ইউনিয়ন পরিষদ।
এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (২০২৫-২৬) অর্থ বছরের উদ্যোগে ২ নং ওয়ার্ডের শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৫১ জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাতা বিতরণ করা হয়।এ উপলক্ষে ১ নম্বর কলকলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুবুল হাসান মোহন এর সভাপতিত্বে ও শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সদস্য সপ্না রানী দাশ, শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিপা বেগম, মার্জিনা বেগম, সালেহা সুলতানা চৌধুরী, প্যারা শিক্ষক খাদিজা বেগম, গলাখাল গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রমূখ। এসময় কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া নিজ অর্থায়নে বিদ্যালয়ে ১০ টি চেয়ার প্রদান করেন।
জগন্নাথপুর প্রতিনিধি 



















