টানা ভারী বৃষ্টিপাতের ফলে উখিয়া উপজেলার ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাতায়াতের একমাত্র সড়কটি বন্যার পানিতে প্লাবিত হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে উক্ত এলাকার বিদ্যালয় ও মাদ্রাসায় পড়ুয়া শত শত শিক্ষার্থীর পড়ালেখা ও যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণে সড়কটির বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে গেছে। ফলে ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। যাতায়াতের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমানে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ রয়েছে। শুধু শিক্ষার্থীরাই নন, ওই এলাকার সাধারণ মানুষও দৈনন্দিন প্রয়োজনে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি শুধু শিক্ষার্থীদের যাতায়াতের জন্যই নয়, দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটি দ্রুত সংস্কার বা উঁচু করা না হলে শিক্ষার্থীদের পড়াশোনার যেমন ক্ষতি হবে, তেমনই যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জনজীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে।
দুর্ভোগ নিরসনে এবং শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ ও অভিভাবকবৃন্দ।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















