‘
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশ জনগণের আস্থা অর্জন করেই দায়িত্ব পালন করতে চায়। নাগরিকদের সন্তুষ্টিই পুলিশের কাজের সবচেয়ে বড় মূল্যায়ন। সাধারণ মানুষ পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্ট থাকলেই বোঝা যাবে পুলিশ সঠিক পথে রয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবুব মাওলা রিপন এবং স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।
মতবিনিময় সভায় সিএমপি কমিশনার বলেন, “আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক হতে চাই না।” তিনি জানান, কার্যকর পুলিশিং নিশ্চিত করতে হলে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা যত বাড়বে, আইনশৃঙ্খলা রক্ষায় তত ইতিবাচক ফল পাওয়া যাবে।
তিনি আরও বলেন, পুলিশের আচরণই সাধারণ মানুষের কাছে বাহিনীর প্রকৃত পরিচয় তুলে ধরে। তাই জনগণের সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো সংবাদমাধ্যম পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে না দেখে তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা উচিত।
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং নাগরিকদের তথ্যগত সহযোগিতা পুলিশের কাজকে আরও সহজ ও কার্যকর করতে পারে।
সভাপতির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, জনগণের কল্যাণে সাংবাদিক ও পুলিশ উভয়েই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্কের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
সভায় প্রেস ক্লাবের বিভিন্ন নেতা, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: 



















