আসন্ন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯ নম্বর ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে সম্ভাব্য প্রার্থীদের নাম। এই নির্বাচনী উত্তাপের আবহেই ঘোষেরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের সক্রিয় উপস্থিতির জানান দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ ও প্রভাবশালী নেতা নজরুল ইসলাম খান।
দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ এই নেতাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা।
নজরুল ইসলাম খান ১৯৫৮ সালের ১০ জুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী চরসগুনা গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় কাহেতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের শুভসূচনা ঘটে। পরবর্তীতে তিনি কৃতিত্বের সাথে জামালপুর নতুন হাই স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা সম্পন্ন করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলা ও আদর্শিক ভিত
স্বাধীনতার পূর্ববর্তী সময়ে প্রদীপ্ত ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পণ করেন নজরুল ইসলাম খান। তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হন।
তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে তার অবদান সর্বজনবিদিত। ১৯৮০ সালের ৮ মে তিনি ৯ নম্বর ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে তিনি মেলান্দহ থানা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে রাজনীতির প্রাজ্ঞ অভিভাবক হিসেবে ভূমিকা রেখে চলছেন।
ঘোষেরপাড়া ইউনিয়নের স্থানীয় সাধারণ মানুষ ও সাধারণ ভোটাররা জানান, নজরুল ইসলাম খান কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বরং সুদীর্ঘ সময় ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এক বিশ্বস্ত নাম। প্রবীণ এই রাজনৈতিক অভিভাবক চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত হওয়ার পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয়রা।
নির্বাচনী মাঠের সর্বশেষ পরিস্থিতিতে নজরুল ইসলাম খানের অভিজ্ঞতা ও জনপ্রিয়তা তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখছে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর প্রতিনিধি: 



















