টাঙ্গাইলের গোপালপুরে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেল, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।
সভায় বক্তারা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনের পাশাপাশি অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। পুলিশ ও জনগণের সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় হেমনগর এলাকার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 



















