জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া জাহান মুন।
উপজেলা পর্যায়ে *শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়), মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট, বাংলা কবিতা আবৃত্তিতে প্রথম, নির্ধারিত বক্তব্যে প্রথম এবং তাৎক্ষণিক বক্তব্যে প্রথম* স্থান অর্জন করেন তিনি।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ফারিয়া জাহান মুনকে অভিনন্দন জানিয়েছেন তার বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও অভিভাবকরা। তারা বলেন, মুনের এ সাফল্য তার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বিদ্যালয় ও গোপালপুর উপজেলার জন্যও গৌরবের।
মুনের শিক্ষকরা জানান, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে তার আগ্রহ ও নিয়মিত অংশগ্রহণ তাকে এ সাফল্য অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতেও সে তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখবে—এমন প্রত্যাশা তাদের।
*স্টাফ রিপোর্টাস, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















