গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মোটরসাইকেল গ্যারেজে যৌথ অভিযান চালিয়ে FZS V3 মডেলের দুটি চোরাই মোটরসাইকেলসহ সোহেল শরীফ ও শিমুল সরদার নামে দুই যুবককে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ। টুঙ্গিপাড়া থানা পুলিশের সহযোগিতায় গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের কাইয়ুম শরীফের ছেলে সোহেল শরীফ (চক্রের মূলহোতা) এবং একই গ্রামের এয়ার আলী সরদারের ছেলে শিমুল সরদার।
বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানায় একটি মোটরসাইকেল চুরির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে অনুসন্ধানের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে, চোরাইকৃত মোটরসাইকেলটি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন একটি গ্যারেজে কাজ করানো হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বন্দর থানা পুলিশ টুঙ্গিপাড়া থানা পুলিশের সমন্বয়ে ওই গ্যারেজে ঝটিকা অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে ঘটনাস্থল থেকে সোহেল ও শিমুলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্যারেজে থাকা FZS V3 মডেলের দুটি মোটরসাইকেল যাচাই-বাছাই করে সেগুলো বরিশাল থেকে চুরি হওয়া গাড়ি বলে নিশ্চিত হয় পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত সোহেল শরীফের নেতৃত্বে এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা দীর্ঘদিন ধরে দূরপাল্লার মোটরসাইকেল চুরি এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত। এই আন্তঃজেলা চোরচক্রের সাথে আর কারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
গোপালগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার, চোরচক্রের মূলহোতা সোহেল
-
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান | গোপালগঞ্জ - আপডেট সময় : ১২:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- 63
জনপ্রিয় সংবাদ




















