গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ইজিবাইক ছিনতাই চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
উপজেলার পুইশুর ইউনিয়নের দেবাশুর পটুর বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের চর কলপুর গ্রামের মিন্টু শেখের ছেলে বায়জিদ শেখ (২৩), মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের মোল্লাদী পশ্চিমপাড়া গ্রামের আলী শেখের ছেলে সুজন শেখ (২৭) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে রাজিব শেখ (২৬)।
এই ঘটনায় শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী ইজিবাইক চালক সুবীর বিশ্বাস বাদী হয়ে আটককৃত তিনজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই তিন যুবক গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর বাজার থেকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি চিত্ত ঠাকুর কবিরাজ বাড়িতে যাওয়ার কথা বলে সুবীর বিশ্বাসের ইজিবাইকটি ভাড়া করেন। সেখানে কাজ শেষে বিকেল আনুমানিক ৫টার দিকে তারা একই ইজিবাইকে গান্ধিয়াশুর বাজারের উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে দেবাশুর এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে প্রস্রাব করার কথা বলে তারা চালককে ইজিবাইক থামাতে বাধ্য করেন। ইজিবাইক থামামাত্রই তিন যুবক আচমকা চালক সুবীর বিশ্বাসকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মারধর শুরু করেন এবং গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালান। এ সময় চালকের চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ধাওয়া দিয়ে তিনজনকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে বিষয়টি কাশিয়ানী থানা পুলিশকে জানানো হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে রামদিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ধারালো ছোরা।
কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের দায়েরকৃত মামলায় আদালত মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে
গোপালগঞ্জে চালককে জিম্মি করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান গোপালগঞ্জ - আপডেট সময় : ০৮:২৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- 42
জনপ্রিয় সংবাদ




















