পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মাইনুল ইসলাম ওরফে সুমন নামে এক ব্যক্তি পালিয়ে যান।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের আদর্শপাড়া এলাকায় গোলাবাড়ি ব্রিজসংলগ্ন একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইনুল ইসলাম ওরফে সুমন সেখান থেকে পালিয়ে যান। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মোসা. তানিয়া বেগম (৩৩), পলাতক মাইনুল ইসলাম ওরফে সুমনের স্ত্রী। মাইনুল ইসলামের বাবার নাম আব্দুল মালেক হাওলাদার। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার ইছাপুর এলাকায়।
অপর গ্রেপ্তার ব্যক্তি মো. সুমন মৃধা (৩০)। তিনি মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত হানিফ মৃধার ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ও বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার। এ সময় এসআই সম্বিত রায়, এএসআই আরিফ ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ আব্দুল্লাহ আল লিখন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।। 



















