গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ, লোহাকৈর মাজার সংলগ্ন এলাকা ও কাশিমপুর এলাকায় মোট তিনটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ওজন ও পরিমাপ দণ্ড আইনে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৩ জুলাই গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে ওই প্রতিষ্ঠানগুলি তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের সুস্পষ্ট সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ওজন ও পরিমাপ দণ্ড আইনে এবি এন্টারপ্রাইজে ৬০ হাজার টাকা, আল মদিনা ফুডকে ৩০ হাজার টাকা, নাটোরের কাঁচা গোল্লা তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান বলেন, ভোক্তাদের অধিকার ক্ষুন্ন করা এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা এবং নকল মোড়কে পণ্যসামগ্রী উৎপাদন করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। তিনি বলেন,জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে মেট্রোলজি পরিদর্শক ইঞ্জিনিয়ার চিন্ময় মণ্ডল শিশির, ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোল্লা, এনএসআই সদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্যগন উপস্থিত ছিলেন।
গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 44
জনপ্রিয় সংবাদ




















