গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভাতিজার হাতে চাচা শাহজামাল মিয়া (৫০) হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহজামাল মিয়া ওই এলাকার জংলু মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, শনিবার গভীর রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাতিজা গোলাম হোসেন (৩৫)-কে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয়দের দাবি, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন আগে তিনি নিজের স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করেন। এরপর প্রাণভয়ে তার স্ত্রী ঢাকায় চলে যান। পরিবারের সদস্যদের দাবি, গোলাম হোসেনের বেপরোয়া আচরণের কারণে শাহজামাল মিয়া তাকে বিভিন্ন সময় শাসন করতেন। সেই ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া জানান, ভাতিজার হাতে চাচা নিহত হওয়ার বিষয়টি তিনি স্থানীয়ভাবে জেনেছেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করা হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি 



















