জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘Scientific Seminar on Latest Guideline of Dengue Management’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক হাসান শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম ইমতিয়াজ হোসাইন।
সেমিনারে মূল বক্তা হিসেবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম। এতে আসন্ন ডেঙ্গু মৌসুমে রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে জাতীয় ডেঙ্গু গাইডলাইনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে চিকিৎসকদের বিস্তারিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সেমিনারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় রোগীর সঠিক ট্রায়াজ ও শ্রেণিবিন্যাস, সময়মতো চিকিৎসা প্রদান, হেমাটোক্রিট পর্যবেক্ষণের মাধ্যমে যথাযথ ফ্লুইড ম্যানেজমেন্ট এবং ফ্লুইড ওভারলোড প্রতিরোধের ওপর।
এ ছাড়া ডেঙ্গু রোগীর সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি, জটিল রোগীদের প্রাথমিক ব্যবস্থাপনা ও প্রয়োজন অনুযায়ী রেফারেল নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে প্যারাসিটামল ব্যবহারের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া এনএসএআইডি (NSAIDs) জাতীয় ওষুধ এবং অপ্রয়োজনীয় প্লাটিলেট ট্রান্সফিউশন এড়িয়ে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সেমিনারের সমাপনী বক্তব্যে সভাপতি ডা. মো. তৌফিক হাসান শাওন হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় ডেঙ্গু গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করে চিকিৎসাসেবায় দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
সেমিনারে চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু মোকাবিলায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার
-
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: - আপডেট সময় : ০৮:৩৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ




















