বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ভাগা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ ইবারাত আলী নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ ইবারাত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগা বাজার এলাকায় পৌঁছালে একই দিকে চলাচলকারী একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হাফেজ ইবারাত আলী সড়কে ছিটকে পড়েন। পরে বাসের চাকায় তার মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, খুলনা-মোংলা মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে কঠোর নজরদারি, গতিনিয়ন্ত্রণ এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 



















