আলুর হিমাগারে সংরক্ষণ ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) মোড়ে এ কর্মসূচির আয়োজন করে আলুর ভ্যালু চেইন প্রপোরশনাল বডি এবং জেলার বিভিন্ন কৃষক সংগঠন।
মানববন্ধনে সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার শতাধিক আলুচাষি, কৃষক প্রতিনিধি ও কৃষক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি, আলুর ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং হিমাগারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা নীলফামারীর কৃষকরা প্রতি মৌসুমে বিপুল পরিমাণ আলু উৎপাদন করলেও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে তারা চরম সংকটে রয়েছেন। এর সঙ্গে হিমাগারে সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকদের লোকসান আরও বৃদ্ধি পাচ্ছে।
তারা অবিলম্বে আলুর হিমাগার ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণ, আলুর ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”, “হিমাগার ভাড়া কমাতে হবে”, “আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে” এবং “কৃষকের ন্যায্য অধিকার দিতে হবে”সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগানে নীলফামারীতে আলু চাষিদের মানববন্ধন, হিমাগার ভাড়া ৫ টাকা কেজি নির্ধারণের দাবি
-
নীলফামারী প্রতিনিধি: মোঃ মোকলেছুর রহমান - আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















