কুড়িগ্রাম সদর উপজেলার চড় রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে পচা ও ছত্রাকধরা (ফাঙ্গাসযুক্ত) পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, বিদ্যালয়ে মোট ১০৭ জন শিক্ষার্থী রয়েছে। কর্মসূচির নীতিমালা অনুযায়ী ১০ শতাংশ বাদ দিয়ে ৯৬ জন শিক্ষার্থীর জন্য গত দুই দিন ধরে যে পাউরুটি সরবরাহ করা হয়েছে, তার একটি অংশে পচন ও ফাঙ্গাস দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
প্রধান শিক্ষক বলেন, “শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে নিম্নমানের বা পচা খাবার কোনোভাবেই বিতরণ করা উচিত নয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
এ ঘটনায় স্থানীয় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি জুয়েল-এর ০১৭২*২০ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ নওশাদ বলেন, “আমি বরাবরই বলে দিয়েছি, এ ধরনের খাবার কোনোভাবেই বিতরণ করা যাবে না। এতে বাচ্চারা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
কুড়িগ্রাম সদরের চড় রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের পচা ও ফাঙ্গাসযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা - আপডেট সময় : ০৬:৪১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ




















