কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি যানবাহনের চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণবিরোধী এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারা অনুযায়ী তিনটি পৃথক মামলায় তিনজন চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার ২৩জুলাই,২০২৬ইং 



















