বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
কাহালু থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১১টায় কাহালু থানার এসআই আমিনুল ইসলাম ও এএসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার আড়োলা আতালপাড়া গ্রামের মৃত ধলু পাইকারের ছেলে মো. রুহুল আমিন পাইকার (২৫)-কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। একই সময় অপর মাদক কারবারি মো. জাহাঙ্গীর পাইকার (৩৬), পিতা-মিলন পাইকার, সাং-আড়োলা আতালপাড়া, কাহালু, বগুড়ার বসতবাড়িতে অভিযান চালানো হলে তিনি কৌশলে পালিয়ে যান।
পুলিশ জানায়, পলাতক জাহাঙ্গীর পাইকারকে মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কাহালু থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কাহালু থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আব্দুল্লাহ আল মামুন -বগুড়া সদর -প্রতিনিধি 



















