রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে টানা ছয় বছর ধরে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে পানি পান করিয়ে আসা মানবিক মানুষ মুন্নু শেখকে সম্মাননা ও আর্থিক সহায়তা দিয়েছে কালুখালী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন তাঁর কার্যালয়ে মুন্নু শেখের হাতে এ সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুন্নু শেখের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়ার পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। তাঁর নিঃস্বার্থ মানবসেবার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়।
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া গ্রামের বাসিন্দা মুন্নু শেখ প্রতিদিন নিজের চটপটির দোকান কিছু সময়ের জন্য বন্ধ রেখে কালুখালী রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রীদের বিনামূল্যে ঠান্ডা পানি পান করান।
এই মানবিক কাজের পেছনে রয়েছে এক বেদনাময় স্মৃতি। ২০১৮ সালে তাঁর নয় বছর বয়সী ছেলে সবুজ শেখ ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়। চিকিৎসার জন্য নিয়মিত ট্রেনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতে হতো। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে একসময় ছেলের জন্য এক বোতল পানি কেনার সামর্থ্যও ছিল না তাঁর। দীর্ঘ দুই বছর লড়াই শেষে ২০২০ সালে মারা যায় সবুজ। এরপর থেকেই ছেলের স্মৃতিতে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে পানি পান করানোর অঙ্গীকার করেন মুন্নু শেখ।
প্রায় ২০ বছর ধরে স্টেশনের পাশে ছোট্ট একটি চটপটির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিদিন প্রায় দুই ঘণ্টা দোকান বন্ধ রেখে যাত্রীদের সেবা করেন। মানুষের দোয়া ও ভালোবাসাকেই তিনি তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন।
ইউএনও মো. মেজবাহ উদ্দিন বলেন, “মুন্নু শেখের মতো মানুষ সমাজের জন্য অনুকরণীয়। তাঁর এই মানবিক উদ্যোগকে সম্মান জানাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজের বিত্তবানরাও তাঁর পাশে দাঁড়ালে তিনি আরও ভালোভাবে এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
ইসরাইল হাসান আপন স্টাফ রিপোর্টার 



















