গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা দক্ষিণপাড়া তেঁতুলবাড়ি এলাকায় এক রড ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদের হামলায় কামরুন নাহার নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী মঞ্জুর ও মেয়ে মিম।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে রড ব্যবসায়ী মঞ্জুরের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা অস্ত্র দিয়ে মঞ্জুরের স্ত্রী কামরুন নাহারকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ সময় মঞ্জুর ও তার মেয়ে মিমকেও গুরুতরভাবে জখম করে ডাকাতরা। পাশের বাড়িতে থাকা মঞ্জুরের ছোট ভাই মাঞ্জাত আলী ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে মাইকিং করান। মাইকিং শুনে স্থানীয়রা এগিয়ে আসার প্রস্তুতি নিলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে নিহত কামরুন নাহারকে মঠবাড়ী এলাকার ডিভাইন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। গুরুতর আহত মঞ্জুর ও তার মেয়ে মিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ, এএসপি, ওসি এবং পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। তারা ঘটনার বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন।
স্থানীয়দের দাবি, মঞ্জুর তার বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। পাশাপাশি তিনি রডের ব্যবসা করায় বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। ডাকাতরা এসব মালামাল লুট করে নিয়ে গেছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।
কালীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি: নিহত ১, আহত ২
-
সুজন চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ০৬:৩৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- 76
জনপ্রিয় সংবাদ




















