অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এলাকায় ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জানা গেছে, এ কাজের জন্য পূর্বনির্ধারিত কোনো প্রকল্প না থাকলেও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের নির্দেশনায় এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রচেষ্টায় ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই কলেজপাড়া এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন ড্রেন নির্মাণ সম্পন্ন হলে পানি নিষ্কাশনের সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা।
ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, ড্রেন নির্মাণ শেষ হলে কলেজপাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরে আসবে।
নবীনগর প্রতিনিধি: 



















