কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিসিজি স্টেশন কক্সবাজারের একটি আভিযানিক দল কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরবর্তীতে আটকদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয়:
স্বর্ণালংকার: ৩১ ভরি (আনমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা)
নগদ অর্থ: ৫,৭৪২ টাকা ও ১০ সৌদি রিয়াল
অন্যান্য সরঞ্জাম: ৪টি মোবাইল ফোন ও ৩টি সৌদি এটিএম কার্ড
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে চক্রটি দীর্ঘদিন ধরে দুবাই থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ এনে দেশীয় বাজারে বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কক্সবাজারে ৭৫ লাখ টাকার স্বর্ণসহ দুই চোরাচালানকারী আটক
-
টেকনাফ প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন - আপডেট সময় : ০৪:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















