এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লোনা। আগামী বুধবার তিনি ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ সদস্য হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর। সফরকালে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা, বিনিয়োগের পরিবেশ এবং সিলেট-২ আসনের উন্নয়নে তাদের আরও কার্যকর অংশগ্রহণের বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তার।
সংশ্লিষ্টরা বলছেন, এ সফরের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে সংসদ সদস্যের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি প্রবাসীদের দীর্ঘদিনের নানা সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত কাছ থেকে জানার সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে সিলেট-২ আসনের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, সংসদ সদস্যের প্রথম যুক্তরাজ্য সফরকে ঘিরে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার রাজনৈতিক অঙ্গন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে। অনেকেই আশা করছেন, এই সফরের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে এলাকার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নতুন মাত্রা পাবে।
সফর শেষে দেশে ফিরে অর্জিত অভিজ্ঞতা, প্রবাসীদের মতামত ও সুপারিশ সংসদে উপস্থাপনের পাশাপাশি সিলেট-২ আসনের সার্বিক উন্নয়ন কার্যক্রমে তা বাস্তবায়নের উদ্যোগ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোঃ রাজন আহমদ উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট) 



















