কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল) জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় জব্দ করা ৪০টি চায়না জাল উপস্থিত সবার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন উলিপুর থানার এএসআই শাহাদত, পুলিশ কনস্টেবল রাজু আহমেদ, মৎস্য অফিস সহকারী মো. হযরত আলী, ক্ষেত্র সহকারী একরামুল হক এবং স্থানীয় জনসাধারণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল) ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ বলেন,মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারের অভিযোগ যেখানেই পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয়দের সচেতন হয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।
অভিযান শেষে উপস্থিত সবার সামনে জব্দ করা নিষিদ্ধ ৪০টি চায়না দুয়ারি (চায়না জাল) পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















