জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাট ইসলামি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অসীম কুমার সমাদ্দার,ও ইসলামি হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের পরিচালকবৃন্দ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা সেবা, বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে বাগেরহাট ইসলামি হাসপাতাল জেলার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উন্নত সফটওয়্যার ও ডিজিটাল ডাটা ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখে অতিথিরা প্রশংসা করেন।
হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য ব্যবসা নয়, সেবা। রোগীদের জন্য মাত্র ২০০ টাকা পরামর্শ ফি নির্ধারণ করা হয়েছে, যেখানে অনেক হাসপাতালে ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়। এছাড়া ঢাকা ও খুলনার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি ও স্থানীয়রা বলেন, বাগেরহাটবাসী এখন নিজ জেলাতেই আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন, যা জেলার স্বাস্থ্যখাতে একটি নতুন দিগন্তের সূচনা করবে।
শেখ সৈকত রায়হান ইমন বাগেরহাট প্রতিনিধি 



















