চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে আলোচিত নীরব হাসান ইমনের আত্মহত্যার ঘটনায় দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পোমরা শান্তিরহাট এলাকায় ইমনের পরিবার ও “৩ নম্বর ওয়ার্ড সর্বস্তরের জনগণ” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইমনের বাবা জহির আহমদ। মানববন্ধনে ইমনের বাবা বলেন – ২০০৯ সালের দিকে একই এলাকার বিএনপি কর্মী জাফর আহমদের সঙ্গে আজিম তালুকদারের ছোট বোনের প্রেমের সম্পর্কের জেরে জাফরও বিষপান করে আত্মহত্যা করেছিলেন। তার দাবি, ওই সময় যেভাবে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল, একই ধরনের পরিস্থিতি ও মানসিক চাপ তার ছেলে ইমনের ক্ষেত্রেও সৃষ্টি করা হয়েছে
তার ছেলেকে পরিকল্পিতভাবে মানসিকভাবে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিম তালুকদারসহ অভিযুক্তরা তার ছেলের ওপর বিভিন্ন ধরনের মানসিক চাপ সৃষ্টি করেছিলেন।
জহির আহমদ আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর প্রভাবশালী মহলের মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ব্যানারে মানববন্ধন ও নানা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি বর্তমান সরকার, সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ আগস্ট নীরব হাসান ইমন নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি একটি মেয়ের পরিবার এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিম তালুকদারের বিরুদ্ধে অভিযোগ তুলে যান।
এ ঘটনায় ৪ আগস্ট ইমনের বাবা জহির আহমদ বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় এক নাবালিকাসহ পাঁচজনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযুক্ত আসামীদের মধ্যে আজিম তালুকদার বলেন- সবগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমি কোন কিছুতে নেই।
সামনে নির্বাচন করবো তাই তারা আমার বিরুদ্ধে লাগছে।
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমর ফারুক 



















