জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকালকে রায়পুরে শহীদ ওসমান চত্বরে ‘জুলাই পদযাত্রা’ সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে আজ দিনভর বিভিন্ন এলাকায় সভার মাঠ প্রস্তুতকরণ এবং সমাবেশ মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় নেতাকর্মী ও মঞ্চ প্রস্তুতকারী কর্মীরা উৎসবমুখর পরিবেশে বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে নান্দনিকভাবে সমাবেশের প্রধান মঞ্চ তৈরির কাজ করছেন। মঞ্চের ওপরে সাদা ও লাল রঙের শামিয়ানা এবং ভেতরের অংশে হলুদ ও সবুজ কাপড়ের নকশা দিয়ে মঞ্চটিকে আকর্ষণীয় রূপ দেওয়া হচ্ছে।
প্রস্তুতি চলাকালীন মঞ্চের সামনে স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের কাজের অগ্রগতি তদারকি করতে এবং মোবাইল ফোনের মাধ্যমে কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়কদের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করতে দেখা গেছে। মাঠের শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।
স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ জানান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মৌলিক সংস্কার বাস্তবায়নের দাবিতে এই পদযাত্রা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীকালকের এই ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশে সাধারণ ছাত্র-জনতা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছেন আয়োজকরা।
আগামীকাল এনসিপির ‘জুলাই পদযাত্রা’:রায়পুর শহীদ ওসমান চত্বর শেষ মুহূর্তে চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি।
-
মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা) - আপডেট সময় : ১২:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ




















