বগুড়ার শিবগঞ্জে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের ৬ জন এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার পরও বোর্ড পরীক্ষার ফরম পূরণ না করে প্রতারণার অভিযোগে কলেজটির খণ্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন (২৮) কে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, আসন্ন এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলেজের ৬ শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়। তবে অভিযোগ রয়েছে, অর্থ নেওয়ার পরও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষার ফরম বোর্ডে জমা দেওয়া হয়নি। বিষয়টি প্রকাশ্যে এলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, বারবার যোগাযোগ করেও তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাননি। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে তদন্তের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত সাব্বির হোসেন শাওনকে আটক করে।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয় নিশ্চিত করা হয়েছে ।
শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ 



















