টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাত ১১টার দিকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ বস্তায় করে পিকআপে তোলা হয় ।
বুধবার দিবাগত রাতে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকায় থেকে পিকআপটি আটক করা হয়।
এই ওষুধ যখন গোবিন্দাসী যমুনা নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । টি-রোড এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা পিকআপটি থামিয়ে দেন । খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওষুধসহ গাড়িটি থানায় নিজেদের হেফাজতে নেয় ।
স্থানীয়দের ধারণা, হাসপাতালের রোগীদের মধ্যে বিতরণ না করা এসব ওষুধের একটি অংশ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় সেগুলো নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল ।
তবে ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ কি না এবং কেন সেগুলো নদীতে নেওয়া হচ্ছিল, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
পিকআপচালক আজমত বলেন, বাবুল নামের এক ব্যক্তি হাসপাতাল থেকে গোবিন্দাসী এলাকায় বস্তাগুলো নিয়ে যাওয়ার জন্য তাঁর পিকআপ ভাড়া করেন । বস্তাগুলোর ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)রেজাউল করিম বলেন, স্থানীয়দের হাতে আটক হওয়া পিকআপভর্তি ওষুধ ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ আর ( এস আলম ) টাঙ্গাইল প্রতিনিধি 



















