গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং লালমনিরহাট জেলা মটর মালিক সমিতির (রেজিঃ নং- রাজ-৬৯৯, স্থাপিত- ১৯৮৬) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে এক উষ্ণ ও বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৬ আগস্ট ২০২৬ (বুধবার) সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের বিমানবন্দর রোডস্থ মটর মালিক সমিতি কার্যালয়ে জেলা মটর মালিক সমিতির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান ও বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ২০২৪-২০২৭ মেয়াদের ত্রি-বার্ষিক কার্য-নির্বাহী কমিটির সভাপতি আসহাবুল হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম বসুিয়ার সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ফরিদ হোসেন এবং সড়ক সম্পাদক শফিকুল ইসলাম।
সংবর্ধনার জবাবে আবেগাভূত কণ্ঠে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ১৯৮৬ সালে নিজ হাতে গড়ে তোলা এই মটর মালিক সমিতির সাথে আমার হৃদয়ের নাড়ির টান। পরিবহন খাতের সার্বিক আধুনিকায়ন, মালিক-শ্রমিকদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা এবং যে কোনো জাতীয় কিংবা স্থানীয় দুর্যোগ মোকাবিলায় সরকার ও সমিতি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে নতুন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা শেষে লালমনিরহাটের সার্বিক সড়ক পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং নতুন নতুন রুট চালুর সম্ভাবনা নিয়ে এক ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রতিনিধি: 



















