বগুড়ার শিবগঞ্জে বসতবাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিতা-পুত্রসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়নগর বন্দরের মৃত মালেক ফকিরের ছেলে ও মসলা গবেষণা কেন্দ্রের শ্রমিক শফিকুল ইসলাম (৪৬) তাঁর বসতবাড়ির সীমানায় নতুন করে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে জিল্লুর রহমানসহ তাঁর পরিবারের লোকজন নির্মাণাধীন প্রাচীর ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিল্লুর রহমানসহ তাঁর সঙ্গে থাকা লোকজন শফিকুল ইসলাম, তাঁর ছেলে সৌরভ মিয়া (২১) এবং স্কুলছাত্র সোহান (১৭)-কে মারপিট করেন বলে অভিযোগ করেন শফিকুলের পরিবার। এতে তিনজন আহত হন।
আহতদের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শফিকুল ইসলামের ছেলে সৌরভ মিয়া বলেন, “আমাদের দীর্ঘদিনের বাড়ির পুরোনো প্রাচীর ভেঙে প্রতিপক্ষরা জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে চায়। অবশিষ্ট ফাঁকা জায়গায় প্রাচীর নির্মাণ করতে গেলে তারা প্রাচীর ভেঙে দেয় এবং বসতবাড়িতে হামলা চালায়। এ সময় আমাদের মারপিট করে আহত করা হয়।”
অভিযোগের বিষয়ে জিল্লুর রহমান বলেন, “শফিকুল ইসলাম যখন প্রাচীর নির্মাণ করেছিলেন, তখন তাঁর সঙ্গে কথা হয়েছিল—চলাচলের রাস্তার প্রয়োজন হলে প্রাচীর ভেঙে এক ফুট জায়গা ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিনি সেই কথা রাখেননি। পরে অবশিষ্ট অংশে আবার নতুন করে প্রাচীর নির্মাণ করতে গেলে আমরা তা ভেঙে ফেলি।”
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: 



















