ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পোদ্দার বাড়ির সামনে, নয়ন (২০) নামে এক পিকআপ চালককে গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
সোমবার রাত ৮টার দিকে বগাদানা ও মঙ্গলকান্দি ইউনিয়নের সীমানায় পোদ্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় নয়নকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নয়নের মামা চৌধুরী জানান, নয়ন একটি পিকআপে করে একটি পোল্ট্রি ফার্মের ডিম সরবরাহের কাজ করেন। প্রতিদিনের মতো সোমবারও ডিম সরবরাহ করে টাকা নিয়ে পোল্ট্রি ফার্মে ফিরছিলেন তিনি। এ সময় ছিনতাইকারীরা তার গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
সোনাগাজীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।,,,,,,,




















