দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং সেতু নির্মাণের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘আমরা ভোলাবাসী’।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে ভোলার সঙ্গে সড়ক যোগাযোগের যে পরিকল্পনা করা হচ্ছে, তা সময় ও দূরত্ব কমানোর পরিবর্তে দীর্ঘমেয়াদে ভোলাবাসীর ভোগান্তি বাড়াতে পারে। প্রস্তাবিত রুট বাস্তবায়নে নতুন করে ২১ কিলোমিটার মহাসড়ক নির্মাণ, ৩৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ বা প্রশস্তকরণ এবং মেঘনার মোহনায় তিনটি বড় সেতু নির্মাণের প্রয়োজন হতে পারে।
এ অবস্থায় প্রস্তাবিত রুটের মোট নির্মাণ ব্যয়, বাস্তবায়নে প্রয়োজনীয় সময় এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ব্যয় সরাসরি ভোলা-বরিশাল সেতু নির্মাণের তুলনায় কতটা যৌক্তিক, তা কারিগরি ও অর্থনৈতিকভাবে যাচাইয়ের দাবি জানানো হয়।
‘আমরা ভোলাবাসী’র পক্ষ থেকে বলা হয়, হিজলা ও মেহেন্দিগঞ্জের উন্নয়নের বিরোধিতা তাদের নয়। তবে ভোলার মানুষের সময়, দূরত্ব, যাতায়াত ব্যয় এবং অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় কোন যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে কার্যকর হবে, তা প্রকৌশলগত ও অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে নির্ধারণ করা জরুরি।
বক্তারা বলেন, ভোলা-বরিশাল সরাসরি সেতু নির্মাণ করা হলে ভোলা সরাসরি বিভাগীয় শহর বরিশালের সঙ্গে যুক্ত হবে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে দ্রুত যোগাযোগের পাশাপাশি ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহন আরও সহজ ও কার্যকর হবে। একই সঙ্গে ভোলার ব্যবসা-বাণিজ্য, শিল্প, কৃষি ও মৎস্য খাতের বিকাশেও এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ কারণে ভোলা-বরিশাল সরাসরি সেতু, লাহারহাট-ভেদুরিয়া রুট এবং রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের দূরত্ব, যাতায়াতের সময়, নির্মাণ ব্যয়, প্রয়োজনীয় সেতুর সংখ্যা, পরিবহন ব্যয় ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল তুলনা করে একটি পূর্ণাঙ্গ কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা জনগণের সামনে প্রকাশের দাবি জানানো হয়।
একই সঙ্গে ভোলার জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের দল-মত ও ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে ভোলাবাসীর দীর্ঘদিনের যোগাযোগের দাবি সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, ভোলার দীর্ঘদিনের দাবি এবং প্রায় ২২ লাখ মানুষের ভবিষ্যৎ যোগাযোগের বিষয়টি বিবেচনায় রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে প্রস্তাবিত রুটের পরিবর্তে ভোলা-বরিশাল সরাসরি সেতু নির্মাণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে পুনর্বিবেচনা করা হোক।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, এ দাবি কোনো ব্যক্তি, দল বা এলাকার বিরুদ্ধে নয়। ভোলার মানুষের স্বার্থ, দক্ষিণাঞ্চলের মানুষের স্বার্থ এবং একটি সরাসরি, কার্যকর ও ভবিষ্যৎমুখী যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ দাবি জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ‘আমরা ভোলাবাসী’র সদস্য সচিব মীর মোশারেফ অমি, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত শাকিল, ছাত্রশিবির ভোলা শহরের মিডিয়া সম্পাদক আরিফ আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, ‘আমরা ভোলাবাসী’র সদস্য মেহেদী হাসান ও শরিফ হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির আহমেদ ইশান, ভোলা পৌর ছাত্রসমাজের সদস্য মাহাদী হাসান এবং সদর উপজেলা এনসিপির আহ্বায়ক নাসরিন জাহানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ভোলাকে শুধু দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করলেই হবে না, সঠিক, সরাসরি ও কার্যকর সড়ক যোগাযোগ নিশ্চিত করতে হবে। তাদের দাবি, ‘ভোলাবাসীর দাবি একটাই—ভোলা-বরিশাল সেতু চাই।’
ভোলা-বরিশাল সেতুর সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে আমরা ভোলাবাসী র সংবাদ সম্মেলন
-
মোঃ মহিম, ভোলা জেলা প্রতিনিধি: - আপডেট সময় : ০৮:৫২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ




















