বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)- সিন্দুরখান, চিমটিবিল, তেলিয়াপাড়া বিওপির টহলদল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩০ লিটার বাংলামদ এবং ৭৬ কেজি বাংলাদেশী রাবার জব্দ করেছে। জব্দকৃত মাদকদ্রব্য ও রাবারের আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ৫৫ বিজিবির সিন্দুরখান বিওপির টহলদল আজ ২৪ আগস্ট ২০২৬ তারিখ বেলা ১১টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সিন্দুরখান এলাকার সীমান্তবর্তী হুগলিয়া এলাকায় টহল পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক একটি বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৬ কেজি বাংলাদেশী রাবার জব্দ করে।
অপরদিকে, তেলিয়াপাড়া বিওপির টহলদল আজ (২৪ আগস্ট ২০২৬) তারিখ বিকাল ৫টায় তেলিয়াপাড়া লেকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করে। একই দিনে চুনারুঘাট উপজেলাধীন চিমটিবিল বিওপির টহলদল কর্তৃক চিমটিবিল আমু চা-বাগান এর মধ্য হতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৩০ লিটার ভারতীয় বাংলামদ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য এবং বাংলাদেশী রাবার বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 



















