বরিশাল-পাথরঘাটা মহাসড়কের পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবীপুর এলাকার হিজলতলা সংলগ্ন স্থানে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে মঠবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল ‘আম্মাজান’ নামের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, হিজলতলা এলাকার ওই সড়কের মোড়টি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ। তাদের অভিযোগ, প্রায় প্রতি মাসেই সেখানে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রতিবছরও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
স্থানীয়রা ওই ঝুঁকিপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতদের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেলে তা জানা যাবে।
মোঃ সিফাতুল্লাহ ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















