হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙনস্থল দেড় মাসেও পুরোপুরি মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় মেরামত করা অংশে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনস্থল দিয়ে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এতে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধের মেরামত করা অংশে ফের ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যেই নদীর পানি প্রবল স্রোতে ভাঙনস্থল দিয়ে লোকালয়ের দিকে প্রবেশ করতে থাকে। একই সঙ্গে পানি উঠে গেছে হবিগঞ্জ-মশাজান-মিরপুর সড়কের বিভিন্ন অংশে। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সড়কটি ব্যবহারকারী সাধারণ মানুষও চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার রাতে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল নামার পর খোয়াই নদীতে দ্রুত পানি বাড়তে থাকে। রাতভর পানি বৃদ্ধির পর রোববার সকালে নদীর স্রোত আরও ভয়ংকর রূপ নেয়। একপর্যায়ে কালীগঞ্জে বাঁধের মেরামত করা অংশে চাপ বাড়লে সেখানে ফের ভাঙন দেখা দেয়। নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে গত ৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে অল্প সময়ের মধ্যেই আশপাশের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়ে। পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি মেরামতের উদ্যোগ নেয়। কিন্তু দীর্ঘ দেড় মাস পার হলেও মেরামতের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় বাঁধটি আবারও নদীর প্রবল স্রোতের মুখে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁধের স্থায়ী সমাধান না করে অস্থায়ীভাবে মেরামত করায় সামান্য পানি বাড়লেই ভাঙনস্থলে চাপ সৃষ্টি হচ্ছে। দ্রুত ও টেকসইভাবে বাঁধ সংস্কার করা না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। বিশেষ করে নদীতে পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল স্রোতের কারণেই কালীগঞ্জে বাঁধের মেরামত করা অংশে আবারও ভাঙন দেখা দিয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি পানি উন্নয়ন বোর্ডের নজরদারিতে রয়েছে এবং ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতি আরও অবনতি হলে খোয়াই নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বাঁধের ভাঙনস্থলে জরুরি ভিত্তিতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে হবিগঞ্জ-মশাজান-মিরপুর সড়কে জমে থাকা পানি দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করারও দাবি জানিয়েছেন তারা।
নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বর্তমানে খোয়াই নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেড় মাসেও বাঁধের স্থায়ী মেরামত না হওয়ায় এবার সামান্য ঢলেই বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙনে হবিগঞ্জ-মশাজান-মিরপুর সড়কে যান চলাচল বন্ধ
-
মোঃ সমুজ আলী রানা, বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি: - আপডেট সময় : ০৩:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- 55
জনপ্রিয় সংবাদ




















