গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জআসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তাঁর নির্বাচনী এলাকা গোবিন্দগঞ্জ ও গ্রামের বাড়ি মহিমাগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ গ্রহণের পরপরই খবরটি ছড়িয়ে পড়লে গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। দলমত নির্বিশেষে অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আনন্দ মিছিলে অংশ নেন।
এ সময় গোবিন্দগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং পথচারী ও সাধারণ ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্যসচিব রেজানুল হাবীব রফিক,জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমদ, বিএনপি নেতা আলতাফ হোসেন পাতা,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসানুল রহমান চৌধুরী ডিউক,রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে গোবিন্দগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে শামীম কায়সার লিংকনের গ্রামের বাড়ি মহিমাগঞ্জেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি, 



















