বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টঙ্গী মডেল শাখার দাখিল অঞ্চলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের জন্য ‘সিঙ্গেল ডিজিট সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের টঙ্গী মডেল শাখা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, দেশের প্রতিটি প্রান্তের মেধা ও যোগ্যতাকে সঠিক অনুশীলনের মাধ্যমে জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কৃতী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে এস এম ফরহাদ বলেন, আত্মগঠন ও নৈতিক শিক্ষার সমন্বয়ে তরুণ সমাজকে পরিচালিত করতে পারলে দেশ ও জাতি এক নতুন নেতৃত্বের দেখা পাবে। তিনি শিক্ষার্থীদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে সমাজের কল্যাণে নিয়োজিত হওয়ার পরাামর্শ দেন।
সভাপতির বক্তব্যে মঈনুল ইসলাম অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও কৃতী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে টঙ্গী মডেল শাখার শিক্ষা কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় অসামান্য কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার 



















