বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সরকারি রাস্তার গাছ কেটে ফেলার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কেটে ফেলা গাছগুলো জব্দ করা হয়েছে।
শুক্রবার উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইঙ্গুল বেপারী, তিনি ওই গ্রামের মৃত অহিলউদ্দিন বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ছুটির দিনের সুযোগ নিয়ে মো. ইঙ্গুল বেপারী সরকারি রাস্তার পাশের তিনটি বড় রেন্ডি গাছ কাটার জন্য ১০ জন শ্রমিক নিয়োজিত করেন। গাছ কাটার পরপরই অপকর্মের আলামত গোপন করতে কেটে ফেলা গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। ঘটনাটি জানতে পেরে বন অধিদপ্তরের কর্মকর্তারা দ্রুত সেখানে উপস্থিত হন। বন কর্মকর্তাদের আগমন টের পেয়ে শ্রমিকেরা দ্রুত সটকে পড়ে।
পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়। খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সরকারি বনায়নের গাছ অবৈধভাবে কাটার অপরাধে তিনি মো. ইঙ্গুল বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং কাটা গাছগুলো জব্দের নির্দেশ দেন।
ঘটনা শেষে স্থানীয় লোকজনের অনুরোধে অভিযুক্তকে এবারের মতো সতর্ক করে সাধারণ ক্ষমা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ জানান, ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না
মোঃরাসেল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: 



















